ফােনের মাধ্যমে ছড়াচ্ছে করোনা বললেন দুবাইয়ের বিজ্ঞানী
অজান্তেই মোবাইল ফোনের মাধ্যমে আপনার ঘরে ঢুকতে পারে করোনাভাইরাস। করোনার চতুর্মুখী সংক্রমণ ছড়াতে মারাত্মক ভূমিকা রাখতে পারে এ মোবাইল ফোন। এমন দাবি করেছেন দুবাই পুলিশের এক বিজ্ঞানী। গবেষণা করে তিনি বলেছেন, ৪৮ লাখ মানুষের করোনা সংক্রমণের পেছনে বড় ভূমিকা ছিল মোবাইল ফোনের।
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে নিয়ে একটি গবেষণা পরিচালনা করে এমন দাবি করেছেন দুবাই পুলিশের ফরেনসিক সায়েন্স অ্যান্ড ক্রিমিনলজি বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়নবিষয়ক পরিচালক মেজর ড. রাশিদ আল গাফরি। জার্নাল অব ট্রাভেল মেডিসিন অ্যান্ড ইনফেকশাস ডিজিজে তাদের একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
সেখানে ড. আল গাফরি বলেন, ‘করোনাভাইরাসজনিত রোগ ছড়ানোর একটি মোক্ষম মাধ্যম আমাদের হাতে থাকা মোবাইল ফোন। আমরা ভিন্ন ভিন্ন ধরনের অনেক ফোন নিয়ে বিশ্লেষণ করেছি, এর গায়ে শত শত জীবাণু মিলেছে। ব্যাকটেরিয়া ও নভেল করোনাভাইরাসের মতো অনেক ভাইরাস বহন করতে সক্ষম মোবাইল ফোন। মহামারি ছড়াতে ব্যাপক ভূমিকা থাকতে পারে ফোনের।
সংযুক্ত আরব আমিরাতের এ বিজ্ঞানী জানান, মোবাইল ফোন ব্যবহারের সময় গরম হয় এবং এর ফলে জীবাণু ও ভাইরাসগুলো বেশি সময় সেখানে থাকতে পারে এবং নিজেদের পুনরুৎপাদন করতে পারে। করোনায় আক্রান্ত ব্যক্তির ফোনে ভাইরাসের জীবাণু থেকে যেতে পারে। এ কারণে কর্মক্ষেত্রে, গণপরিবহনে, নৌজাহাজে এবং উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ভাইরাস ও ব্যাকটেরিয়া ফোনের মাধ্যমে অবলীলায় ছড়াতে পারে।